সারাদেশ

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, মাগুরায় চাঞ্চল্য

তাসিফ জামানমাগুরা প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৬ PM ৬৪৩৬
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, মাগুরায় চাঞ্চল্য

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটারে টাইপিংয়ের ভুলের কারণে এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।

এ ঘটনায় আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিলিং সুপারভাইজার, বিলিং সহকারী ও মিটার রিডার কাম ম্যাসেঞ্জারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন—আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী, বিলিং সহকারী সুমা রানী ঘোষ এবং মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তোরাব আলী।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল তৈরি করা হয়। বিলে তার বিদ্যুৎ ব্যবহার দেখানো হয় ২৩৫ ইউনিট। তবে পরিশোধযোগ্য অর্থের ঘরে লেখা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।

অস্বাভাবিক এই বিল হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আলেয়া খাতুন বিলটি নিয়ে শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে অভিযোগ করেন। এরপর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি যাচাই করে সংশোধন করেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ওই গ্রাহকের মিটার পরিবর্তন করা হয়েছিল। বিল প্রস্তুতের সময় ডিমান্ড চার্জের ঘরে নতুন মিটারের সিল নম্বর বসে যাওয়ায় অস্বাভাবিক বিলটি তৈরি হয়। কম্পিউটারে টাইপিংয়ের ভুলের কারণে এমনটি হয়েছে। দায়িত্ব পালনে সতর্কতার ঘাটতি থাকায় চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বিলটি সংশোধনের পর আলেয়া খাতুনের প্রকৃত পরিশোধযোগ্য বিল দাঁড়ায় ১ হাজার ৯৩৮ টাকা। পরে তিনি সংশোধিত বিল অনুযায়ী ওই টাকা পরিশোধ করেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় গ্রাহকদের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এত বড় ধরনের ভুল কীভাবে বিদ্যুৎ বিলের মতো গুরুত্বপূর্ণ নথিতে হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর