দৌলতপুরে দুর্গাপূজা উপলক্ষে ১৫ মণ্ডপে ৯ টন চালের ডিও দিলেন এমপি বাচ্চু মোল্লা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৫টি পূজামণ্ডপের জন্য মোট ৯ টন চালের ডিও (বরাদ্দপত্র) তুলে দিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সহ আরও অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর দৌলতপুর উপজেলায় মোট ১৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চালের বরাদ্দ দেওয়া হয়েছে, যা উৎসব আয়োজনে সহায়ক হবে।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী ১৬ অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে। এরপর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে প্রস্তুতি চলছে। উৎসবকে কেন্দ্র করে পূজারিরা দেবী দুর্গার আরাধনা, পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতি নিচ্ছেন।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


