সারাদেশ

সুনামগঞ্জে জোৎস্না হত্যা মামলায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড,

এরজেলা প্রতিনিধি সুনামগঞ্জ ১৩ অক্টোবর, ২০২৬ এ ৮:৩১ PM ১৫২০
সুনামগঞ্জে জোৎস্না হত্যা মামলায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড,

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তাঁর মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন জোৎস্না। পরে স্বজনেরা তাঁকে খুঁজতে গিয়ে ওই ফার্মেসির ভেতরে তাঁর মরদেহের ছয়টি খণ্ড দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরবর্তী সময়ে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্ত জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ রায় দৃষ্টান্ত স্থাপন করবে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

সম্পর্কিত খবর