সারাদেশ

সিলেটে এসআরবি-৯-এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

এরশাদুল হকজেলা প্রতিনিধি সুনামগঞ্জ ৯ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৯ PM ৩১৫৭
সিলেটে এসআরবি-৯-এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

সিলেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

গত ৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানাধীন পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. জিয়াউর রহমান (৩৬) এবং জগন্নাথপুর উপজেলার লোহারগ্রাম গ্রামের মৃত মো. ছমির আলীর ছেলে সৈয়দ রহিম আলী।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল প্রথম অভিযান পরিচালনা করে। ৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন আল-ইসলাহ ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়।

তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এদিকে, একই রাতে আনুমানিক ৯টা ২০ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন উত্তর বালুচর নতুন বাজার এলাকার একটি বসতবাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একই মামলায় সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ রহিম আলীকে গ্রেফতার করে যৌথ আভিযানিক দল।

জকিগঞ্জ থানার মামলা নম্বর ১৩, তারিখ ২৬ মার্চ ২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(খ) ধারায় দায়ের করা মামলায় তাঁরা সাজাপ্রাপ্ত ছিলেন। মামলাটির দায়রা নম্বর ৮৩০/১৮ এবং জিআর নম্বর ৪০/১৮।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর