শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: নিতাই রায় চৌধুরী (সংস্কৃতিমন্ত্রী)

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো চেষ্টা হলে বিএনপি তা মোকাবিলা করতে প্রস্তুত।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, “বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতিসহ অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “বিএনপি কোনো পলাতক শক্তি নয়। দেশের মানুষের পাশে থেকে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে বিএনপি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) বলেন, আইজিপির নির্দেশনায় মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা থেকে যুবসমাজকে দূরে রাখতে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান।
মাগুরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশ নেন।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


