মাগুরায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অপু শালিখা উপজেলার হরিশপুর গ্রামে তাঁর মামার বাড়িতে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। পুলিশের তথ্য অনুযায়ী, অপুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর দেওয়াডাঙ্গা ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপুসহ কয়েকজন পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে এএসআই রাকিবুল ইসলাম অপুকে আটক করতে গেলে তিনি ছুরি দিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে আঘাত করেন। এতে রাকিবুল ইসলাম আহত হন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে অপুকে আটক করেন। এ সময় তাঁকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত এএসআই রাকিবুল ইসলামকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


