সারাদেশ

কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

মোহাম্মদ সাদেকুল ইসলামব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ PM ৬১৪
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক (ভিপি জহির), জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মিয়া হোসেন (রানা)।

কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান জানান, নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনকে আনন্দময় ও উৎসাহব্যঞ্জক করে তুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কলেজ প্রতিষ্ঠাতার বক্তব্য

অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিএনপির নেতৃবৃন্দ, অভিভাবক, সুধীজন এবং নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মিয়া হোসেন (রানা), অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, উপাধ্যক্ষ মো. জহির উদ্দিনসহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনে মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবার শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে এবং দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে কলেজের উচ্চমাধ্যমিক, বিএমটি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং শিক্ষাজীবনের নতুন পথচলায় অনুপ্রেরণা জোগানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

কলেজ প্রতিষ্ঠাতার প্রত্যাশা—

“শিক্ষিত হোক প্রতিটি পরিবার, আলোকিত হোক প্রতিটি শিক্ষার্থী, সমৃদ্ধ হোক ইসলামপুর, এগিয়ে যাক বাংলাদেশ।

নবীন শিক্ষার্থীদের স্বপ্নপূরণ, জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর