শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থী ও ২১ সেরা প্রতিষ্ঠানকে সংবর্ধনা

মাদারীপুরের শিবচরে এসএসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং ফলাফলের দিক থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের আড়িয়াল খাঁ অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও ক্লাবটির চিফ মেন্টর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুর হক এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুর রহমান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া, ভালো ফলাফলের জন্য উপজেলার ২১টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকেও সম্মাননা স্মারক প্রদান করে ক্লাব কর্তৃপক্ষ।

