সারাদেশ

দৌলতপুরে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ খালিদ হাসানউপজেলা প্রতিনিধি দৌলতপুর, কুষ্টিয়া ২৪ আগস্ট, ২০২৬ এ ৪:০০ PM
দৌলতপুরে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাছের দিয়াড় গ্রামের জহুরুল মোল্লার পুকুরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের নেতৃত্বে এসআই মো. মিলন হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শেষে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত লুৎফর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) এবং একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. মোফাজ্জেল মন্ডলের ছেলে মো. মুন্তাজ মন্ডল (৪৬)।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে তারা মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা জানা গেছে। তবে তারা কী উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট বহন করছিলেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দৌলতপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পর্কিত খবর