সারাদেশ

যে দলেরই হোক, মাদকের সঙ্গে আপস নয়’—রাঙামাটিতে দীপেন দেওয়ান

মেহেদী হাসানরাঙামাটি প্রতিনিধি ২৪ আগস্ট, ২০২৬ এ ৪:০৫ PM ৩৬
যে দলেরই হোক, মাদকের সঙ্গে আপস নয়’—রাঙামাটিতে দীপেন দেওয়ান

মাদকের সঙ্গে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেছেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে কোনোভাবেই রক্ষা করা যাবে না।

সোমবার সকালে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপেন দেওয়ান এমপি।

দীপেন দেওয়ান বলেন, “আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আপনাদের কাছে আমার আহ্বান—সমাজ থেকে মাদক নির্মূল করতে আপনারা আমাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করুন। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যে দলেরই হোক না কেন, তার পরিচয় দেখে তাকে রক্ষা করার চেষ্টা করবেন না।”

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না; এর ভয়াবহ প্রভাব পড়ে একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজের ওপর। একজন তরুণ মাদকে আসক্ত হলে তার শিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি পরিবারেও নেমে আসে অশান্তি। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

সংসদ সদস্য আরও বলেন, মাদক ব্যবসায়ীদের কারণে আমাদের তরুণ সমাজ বিপথে যাচ্ছে। মাদক কারবার বন্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। পরিবারকে সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সচেতনতা বাড়াতে হবে এবং সমাজের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের সামাজিক বা রাজনৈতিক প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোথাও মাদক বিক্রি, সরবরাহ বা সেবনের তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এর আগে সকালে শহরের মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে মাদকবিরোধী একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সুধী সমাবেশ।

রাঙামাটি পুলিশ সুপার মো. আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

তিনি তার বক্তব্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। ডিআইজি বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সর্বস্তরের মানুষকে পুলিশের পাশে দাঁড়াতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্যও তিনি আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশ রাঙামাটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে হলে আইনগত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর