সারাদেশ

দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, আসামি উদ্ধারে আহত ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য

মোঃ খালিদ হাসানদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ৮ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৩ PM ৩৭৭৯
দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, আসামি উদ্ধারে আহত ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য

কুষ্টিয়ার দৌলতপুরে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা মুফতি আশিকুল্লাহকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান।

অভিযুক্ত মাওলানা মুফতি আশিকুল্লাহ উপজেলার খলিশাকুন্ডি গ্রামের মারাকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রের বাবা মিঠু তাঁর ছেলের জন্য খাবার দিতে মাদ্রাসায় যান। এ সময় তাঁর ছেলে বাবার কাছে ঘটনার বিষয়ে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এবং দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানার ওসি মোহাম্মদ খালেদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যান।

অভিযুক্তকে উদ্ধারের সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ঠেলাঠেলির একপর্যায়ে ওসি খালেদুর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর