সারাদেশ

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ দুলদুল হোসেন রাজুটাঙ্গাইল প্রতিনিধি ৩১ আগস্ট, ২০২৬ এ ১১:৫৫ AM ১৭৬৬০
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টার অভিযোগে নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে এসে নিহাদ তাদের উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করেন।

অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহাদকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের কথা স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডাদেশের পর নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর