খেলাধুলা

কাবাডিতে নাগেশ্বরী নারী দলের বাজিমাত, জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম ২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪০ PM ৮৬৪৭
কাবাডিতে নাগেশ্বরী নারী দলের বাজিমাত, জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে

‘কমিউনিটি পুলিশ প্রথম কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাগেশ্বরী থানা নারী কাবাডি দল। ফাইনালে কচাকাটা নারী কাবাডি দলকে বড় ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে তারা। এ জয়ের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে নাগেশ্বরী দল।জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে নাগেশ্বরী থানা নারী দল। ক্ষিপ্রতা, আক্রমণাত্মক কৌশল ও দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা।পুরো টুর্নামেন্টজুড়েই নাগেশ্বরী নারী দলের খেলোয়াড়রা দক্ষতা ও কৌশলগত নৈপুণ্যের পরিচয় দেন। তাদের ধারাবাহিক পারফরম্যান্সে দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর নাগেশ্বরী উপজেলা জুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। দলের এই সাফল্যে খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল, কলাকুশলী ও সংশ্লিষ্ট সহযোগীদের অভিনন্দন জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি মো. এনামুল হক প্রধান।তিনি বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও নিষ্ঠার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বিভাগীয় পর্যায়েও দলটি ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এদিকে জেলা চ্যাম্পিয়ন হওয়ার পর এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে নাগেশ্বরী থানা নারী কাবাডি দল। কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করে সেখানে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা।